চট্টগ্রাম নগরে মো. আবু শাকিল (৩৩) নামে ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা শাকিলের বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোহাম্মদ আবু শাকিল৷ তবে এ সময় অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)।
পুলিশ জানায়, শাকিলের বেডরুমে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। সুত্রটি জানায়, শাকিল বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল। পরে পুলিশ ক্রেতা সেজে ওই বাড়িতে গেলে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, মাদক কারবারিরা মাদক কেনাবেচার জন্য অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনার পর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে নগর ছাত্রদল। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।