কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আনাবিয়া (১৪ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।

মারা যাওয়া আনাবিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে মিয়া মনজুর আহমেদ বলেন, শিশুটির শরীরে হামের বিভিন্ন উপসর্গ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, সে হাম আক্রান্ত ছিল কি না।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাম সন্দেহে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কুমিল্লা জেলায় ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

জেলায় হামের প্রকোপ বাড়তে থাকায় শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত