নানান আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাঁরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে দেখছেন না। গবেষণা, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থায়নে ইউজিসি শুধু ‘মেধা’কে প্রাধান্য দিচ্ছে।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার ৫ শতাংশ কমিয়েছে। আরও ৫ শতাংশ কমানোর জন্য তারা চেষ্টা করছেন।
প্রতিষ্ঠার ৩০ বছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন ক্লাবে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নবীন শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ৩০ বছর আগে দেশের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্পন্ন উচ্চশিক্ষা দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল। সেই স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত অর্থ বিভিন্ন ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পেছনে ব্যয় করা হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, তারা একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান ও যুগের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তোলেন। ফলে বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরা সুনামের সঙ্গে দেশে-বিদেশে কাজ করতে পারেন।
অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বক্তব্য দেন।
আলোচনা শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং দেশের খ্যাতনামা নজরুলসংগীত শিল্পী খাইরুল আনাম শাকিলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।