সেবামূলক প্রতিষ্ঠান দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৭ অক্টেবর ময়মনসিংহের মাসকান্দায় অনুষ্ঠিত হবে ‘সীরাত কুইজ প্রতিযোগিতা-২৬’।
মারকাযুন নূর জামে মসজিদের ব্যবস্থাপনায় এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ১৫ নং ওয়ার্ড উপআমেলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হবে এই প্রতিযোগিতা।
নতুন প্রজন্মের সামনে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে সহজ, আকর্ষণীয় ও বুদ্ধিবৃত্তিক উপায়ে উপস্থাপন করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। তার জীবন মানবতার জন্য আলোকবর্তিকা, নৈতিকতার পূর্ণাঙ্গ পাঠশালা এবং দুনিয়া ও আখেরাতের সফলতার বাস্তব দৃষ্টান্ত। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহযাব ২১)
ফাউন্ডেশনের মুখপাত্র মুফতী আহমদ হোসাইন উসামা বলেন-
এই প্রতিযোগিতাটি নতুন প্রজন্মের কাছে সীরাতের চিত্র তোলে ধরতে ভূমিকা রাখবে। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন, তার চরিত্র, আদর্শ, সংগ্রাম, মানবিকতা, পরিবার ও সমাজ পরিচালনা, দাওয়াত, ইবাদত এবং নেতৃত্বের প্রতিটি অধ্যায় মুসলিম জীবনের জন্য অমূল্য শিক্ষা বহন করে। তাই সীরাত হলো মুসলমানের জীবন গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাতকে মানব জীবনের পাতায় পাতায় গেঁথে রাখতেই এই চমৎকার আয়োজন।
আগামী ৭ অক্টোবর বুধবার দুপুর সাড়ে তিনটায় ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। সেই সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকবে মহামূল্যবান বই, ক্রেস্ট ও সনদসহ ১ চিল্লার সুযোগ।
প্রতিযোগিতা শেষ হওয়ার পর একই দিন বাদ মাগরিব বিদ্যালয় সংলগ্ন মারকাযুন নূর জামে মসজিদে আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নাশীদ সন্ধ্যা আয়োজিত হবে।
জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের মুহতামিম এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস মুফতী আহমদ আলী। আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মারকাযুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী ইলিয়াস।
এই প্রতিযোগিতায় মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ পর্দা মেনে আলাদাভাবে পরীক্ষায় বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সরবরাহ করা নির্দিষ্ট বইয়ের ভিত্তিতে ১০০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর পরীক্ষা নেওয়া হবে এবং এতে ভুল উত্তরের জন্য নম্বর কাটার নিয়ম প্রযোজ্য থাকবে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০০ টাকা ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার জন্য নির্ধারিত বইটি সংগ্রহ করতে হবে। মাসকান্দার জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মারকাযুন নূর জামে মসজিদ থেকে নিবন্ধন ফর্ম ও বই সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, ফাউন্ডেশনটি সূচনাকাল থেকেই সামাজিক, দাওয়াতী ও বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
গরীব-এতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ, দাওয়াতী কার্যক্রম, জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রোজেক্ট, সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, ইফতার মাহফিল আয়োজন, ঈদ সামগ্রী বিতরণ, দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা এবং দুস্থদের মাঝে কোরবানীর গোশত বিতরণ করে আসছে।
ফাউন্ডেশনটি রমজান কুইজ ও তেলাওয়াত প্রতিযোগিতা, সীরাত কুইজ ও নাত প্রতিযোগিতা, মুহাদ্দিসিন সংবর্ধনা, নবীন আলেম সংবর্ধনা, বিনামূল্যে রক্তদান এবং সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করছে।
এছাড়াও তারা পরিকল্পনায় রেখেছে নবীন হাফেজ সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা, রমজানভিত্তিক ফ্রি কোরআন শিক্ষা (অনলাইন), বছরব্যাপী মক্তব শিক্ষা এবং উন্মুক্ত ফ্রি দ্বীন শিক্ষার ব্যবস্থা।
শান্তির বাণী ছড়ানো শিক্ষাপ্রতিষ্ঠান