যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে মুসলিমদের উপর গণহত্যা চালানোর হুমকি দেওয়ার অভিযোগে লুইস হোয়াইট (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্তৃপক্ষ।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি রাইফেলও রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে ডাকযোগে হুমকিমূলক বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়। তিনি ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার স্প্রিংসের বাসিন্দা।
মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট টেমেকুলা এলাকার ইসলামিক সেন্টার অব টেমেকুলা ভ্যালি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়, তারা একটি হুমকিমূলক চিঠি পেয়েছে। চিঠিতে মুসল্লিদের হত্যা করার আকাঙ্ক্ষা প্রকাশ করে ভয়াবহ ভাষা ব্যবহার করা হয়েছে।
চিঠির নিচে হাতে আঁকা দাড়িওয়ালা এক ব্যক্তির ছবি ছিল। সেখানে চোখের জায়গায় ‘এক্স’ চিহ্ন দেওয়া হয়। ছবিটির সঙ্গে ইসলাম ও আল্লাহকে অবমাননাকর বক্তব্যও লেখা ছিল বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
চিঠির উৎস অনুসন্ধান করে তদন্তকারীরা লুইস হোয়াইটের কাছে পৌঁছান। এরপর গত ২৯ আগস্ট তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এর মধ্যে একটি এআর-১৫ রাইফেল ছিল, যার কোনো সিরিয়াল নম্বর পাওয়া যায়নি। এ ধরনের অস্ত্রকে সাধারণত ‘ঘোস্ট গান’ বলা হয়।
তল্লাশির পর হোয়াইটকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি রিভারসাইড কাউন্টির একটি কারাগারে অঙ্গরাজ্য সরকারের হেফাজতে রয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে ফেডারেল হেফাজতে নেওয়া হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযোগ প্রমাণিত হলে হোয়াইটের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ফেডারেল কারাদণ্ড হতে পারে।
ঘটনার পর টেমেকুলা এলাকার মসজিদের মুসল্লিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ইসলামিক সেন্টার অব টেমেকুলা ভ্যালি টেমেকুলা ও মুরিয়েটা এলাকার মুসলিম বাসিন্দাদের ধর্মীয় ও সামাজিক সেবা দিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হুমকি ও সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। টেমেকুলার এই ঘটনায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যেও নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনার প্রায় তিন মাস আগে সান দিয়েগোর একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় তিনজন নিহত হন। ওই হামলায় দুই কিশোর গুলি চালিয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরে কাছাকাছি একটি গাড়ির ভেতর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
ট্রাম্পের পোস্ট ঘিরে ইসলামবিদ্বেষের অভিযোগ
টেক্সাসে ইসলাম চর্চা রাজনৈতিক হুমকির মুখে