ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা (ফঁবাধষঁধঃরড়হ.পড়স) চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন এ ব্যবস্থায়। মূল্যায়নকারীর পরিচয় গোপন রাখা হবে। তবে মূল্যায়নের সামগ্রিক ফলাফল সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
গতকাল দুপুরে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক মূল্যায়ন ওয়েব অ্যাপটির উদ্বোধন করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। এ সময় এজিএস মহিউদ্দীন খান, কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়াসহ ডাকসুর অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ডাকসু কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার উদ্যোগে চালু হওয়া এই শিক্ষক মূল্যায়ন ব্যবস্থায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে শুরু করে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা এ ব্যবস্থায় অংশ নিতে পারবেন। মূল্যায়নে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ই-মেইল দিয়ে নিবন্ধন করতে হবে। ই-মেইলে পাঠানো একটি কোড ব্যবহার করে সিস্টেমে প্রবেশের পর শিক্ষার্থীরা কেবল নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন।