বামার লাইসেন্স স্থগিত ও নিবন্ধন বাতিল মন্ত্রণালয়ের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) লাইসেন্স স্থগিত ও নিবন্ধন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একাধিক সংগঠনের কারণে কীটনাশক খাতের বিশৃঙ্খলা দূর করতে এ পদক্ষেপ নেওয়া হয়। গতকাল বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, বালাইনাশকের ব্যবসায়ীদের বড় সংগঠন বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সদস্য সংখ্যা ১২৩০। অন্যদিকে বামার সদস্য সংখ্যা মাত্র ২০। দুটি সংগঠনের উদ্দেশ্যই একই। এই প্রেক্ষাপটে দুটি সংগঠন থাকার যৌক্তিকতার বিষয়টিকে মাথায় রেখে বামার লাইসেন্স বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিপিএ এবং বামার লক্ষ অভিন্ন হওয়ায় একই খাতের একাধিক সংগঠন থাকায় বালাইনাশক আমদানি, উৎপাদন, বিতরণ ও বাজারজাতকরণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সে ক্ষেত্রে বালাইনাশক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একটি বাণিজ্য সংগঠন থাকাই যুক্তিযুক্ত। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর ১০ বিধির ক্ষমতাবলে বামার লাইসেন্স বাতিল করা হলো।

বামার সভাপতি কেএসএম মুস্তাফিজুর রহমান। তিনিও বিসিপিএ-এর সদস্য। নানা কারণে পুরনো সংগঠন বিসিপিএতে নিজের অবস্থান ধরে রাখতে না পেরে তিনি নিজেই একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। লাইসেন্সও পান বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে একই খাতের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে বিরোধে জড়ানোর কারণে বামাতে আসা কিছু সদস্য পুনরায় সংগঠন ছেড়ে দেন। এরই মধ্যে বিসিপিএ আইনি প্রক্রিয়ায় বামার লাইসেন্স বাতিলের জন্য বাণিজ্য সংগঠন অনুবিভাগে আবেদন করেন। এ বিষয়ে দীর্ঘদিনের শুনানি ও দেনদরবার শেষে বিসিপিএ-এর পক্ষে রায় এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত