লিওনেল মেসির অবসরের পঅর আর্জেন্টিনা ফুটবলের এখন একটাই বড় আলোচনা, লিওনেল স্কালোনি কি তবে থেকে যাচ্ছেন? নাকি আসছে ডিসেম্বরে চুক্তি শেষ হলেই ছাড়বেন আলবিসেলেস্তেদের দায়িত্ব? একদিকে যখন আসন্ন ফিফা উইন্ডোর প্রস্তুতি চলছে, অন্যদিকে এনজো-আলভারেজদের সফলতম এই কারিগরকে ভবিষ্যতেও ডাগআউটে ধরে রাখতে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এএফএ।
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হারের দুঃস্মৃতি তখন তাড়া করছিল দলটিকে। নিউ জার্সিতে সেই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে নিজের ভবিষ্যৎ নিয়ে এক প্রকার অনিশ্চয়তার কথা শুনিয়েছিলেন স্কালোনি। ভেঙে যাওয়া গলায় কোচ সরাসরি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি আমার চুক্তি পূরণ করব এবং তারপর দেখব। সত্যি বলতে, আমার একটু ভেবে দেখার প্রয়োজন আছে, কারণ এর চেয়ে বড় কিছু আমি আর করতে পারব কি না জানি না।’
তবে ডাগআউটের ভেতরের সূত্র বলছে, সেদিন কোচের সেই মনস্তাত্ত্বিক সিদ্ধান্তটি ছিল মূলত সেই মুহূর্তের তীব্র যন্ত্রণার বহিঃপ্রকাশ। এই কারণে এএফএ কর্তাদের মাঝে এখনো আশাবাদের কমতি নেই। যদিও কোচের দীর্ঘদিনের বিশ্বস্ত সহায়ক ও ছায়াসঙ্গী ওয়াল্টার স্যামুয়েল একা নিজের কোচিং ক্যারিয়ার গড়ার তাগিদে সিনিয়র দল ছেড়ে চলে গেছেন, তবুও স্কালোনির ওপর ঠিকই ভরসা রাখছে অ্যাসোসিয়েশন।
এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসিস্পোর্টসের এক প্রতিবেদনের সূত্রমতে, আর্থিক বিষয় বা পাওনা নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও এএফএ জানিয়েছে, কোচিং স্টাফদের কোনো অর্থ বকেয়া নেই; বরং বিশ্বকাপের বোনাস দেওয়ার একটি নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়ম রয়েছে।
মাঠের খেলায় লিওনেল মেসির মহাপ্রস্থানের পর একটি শূন্যতা তৈরি হওয়া অবশ্যম্ভাবী, কিন্তু স্কালোনির চেয়ে ভালো দলটিকে চেনার কেউ নেই। ক্রিস্টিয়ান 'কুটি' রোমেরোকে নতুন অধিনায়ক করার ভাবনার পাশাপাশি দলে যোগ দিচ্ছেন একঝাক তরুণ তুর্কি। সবমিলিয়ে, আলবিসেলেস্তেদের এই সফল প্রকল্পকে টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি এএফএ।
এজবাস্টনেও তিন দিনেই ইনিংস হারের পথে বাবররা