কুড়িগ্রামে মোটরসাইকেলে গাঁজাসহ আটক ১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এক মাদক কারবারির। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে তার মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. মাহবুবুল (৩২) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার নুর ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে গাঁজা নিয়ে যাচ্ছে। পরে নাগেশ্বরী থানার একটি দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।

বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পাশের সেতুর কাছে খালে ঝাঁপ দেন। এরপর কচুরিপানার নিচে লুকিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

পরে তার মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাগেশ্বরী থানাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত