গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাটিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরইতলা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
নিহত মোটরসাইকেল চালক সালমান মোল্লা (১৮) লোহাইড় গ্রামের শহীদ মোল্লার ছেলে।
স্থানীয়রা আহত পরশ মোল্লাকে (১৬) উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি লোহাইড় গ্রামের আলমাস মোল্লার ছেলে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।