খুলনার ক্রীড়াঙ্গনে নির্বাচনী হাওয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

খুলনা জেলা ক্রীড়া সংস্থার (কেডিএস) নির্বাচন কেন্দ্র করে খুলনার ক্রীড়াঙ্গনে নির্বাচনী হাওয়া বইছে। দীর্ঘ সাড়ে ৫ বছর পর আজ শনিবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুটি প্যানেলের প্রার্থীরা ভোটের মাঠে ব্যাপক তৎপরতা চালিয়েছেন। শুধু নির্বাহী সদস্য পদে একজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। নির্বাচনে ২৬ পদের মধ্যে ২২টি পদে ২২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত মোল্লা খায়রুল ইসলাম পরিষদ ২৬ পদের জন্য পূর্ণ প্যানেলে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ না দিয়ে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত রেজভী-ফয়েজ-মামুন-জাহাঙ্গীর-পিলু-আবুল পরিষদ ১২টি পদে প্রার্থী ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন মোল্লা রফিক স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার বিগত ৪ বার নির্বাচিত নির্বাহী সদস্য, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক মোল্লা খায়রুল ইসলাম।

অন্যদিকে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, খুলনা বিভাগীয় নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য, বাংলাদেশ প্রথম মহিলা ক্রিকেট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও খুলনা উইমেন্স ক্রিকেট একাডেমির পরিচালক ইমতিয়াজ হোসেন পিলু।

সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের প্যানেল থেকে সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা এবার সহসভাপতি প্রার্থী হয়েছেন। এ ছাড়া খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য শাহ আসিফ হোসেন (রিংকু), বিসিবির সাবেক পরিচালক মো. জুলফিকার আলী খান এবং বিসিবির কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন সহসভাপতি প্রার্থী হয়েছেন।

অতিরিক্ত সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তিনবার নির্বাচিত নির্বাহী সদস্য শেখ হেমায়েত উল্লাহ। যুগ্ম সম্পাদক প্রার্থী হয়েছেন কেএম আশরাফুল আলম (নান্নু) ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য আলহাজ বেলাল হোসেন। কোষাধ্যক্ষ প্রার্থী হয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার একাধিকবার নির্বাচিত কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল।

এ প্যানেল থেকে ১৩ নির্বাহী সদস্য প্রার্থীরা হলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য মো. একরামুল কবির মিল্টন, সাবেক নির্বাহী সদস্য খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য কাজী নুর মোহাম্মদ, এজেএম ওহিদুল ইসলাম (সেলিম), একেএম শহিদুল ইসলাম, আলহাজ মো. মিজানুর রহমান, শফিউল আলম সবুজ, মো. ইয়াছিন খান, মো. আজিজুর রহমান জুয়েল, মেহেদী কবির, মো. মাহমুদুল হক সেতু, মো. রেজানুল ইসলাম ও মো. তরিকুল ইসলাম।

সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ থেকে সহসভাপতি প্রার্থী হয়েছেন ৪ জন। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মো. হাসান মেহেদী রেজভী। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মো. মজিবর রহমান ফয়েজ, শরীফ মো. বদরুজ্জামান (মামুন) এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. আবুল হোসেন আবুল, যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নবারুণ সংসদের সাধারণ সম্পাদক মো. খাইরুল এহসান মানিক। কোষাধ্যক্ষ প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী। এই প্যানেল থেকে চার প্রার্থী নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন সাবেক জাতীয় অ্যাথলেট মিলজার হোসেন, মো. মনিরুজ্জামান মহসিন, এস এম আজাদ হোসেন জুয়েল ও মো. জোবায়ের ইসলাম।

নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, ইতিমধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত মোল্লা খায়রুল ইসলাম পরিষদের ২৬ প্রার্থীর মধ্যে উপজেলা কোটায় (সংরক্ষিত) নির্বাহী সদস্য পদে চার প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রার্থীরা হলেন নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে মোহাম্মদ আরিফুর রহমান ও নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে এমডি খায়রুল ইসলাম খান এবং নির্বাহী সদস্য নারী (সংরক্ষিত) সাবেক ক্রিকেটার আয়শা আক্তার শুকতারা ও নির্বাহী সদস্য নারী (সংরক্ষিত) খালেদা পারভীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত