ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের (ইউসিটিসি) ১৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। একাডেমিক কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. হারুনুর রশিদ, প্রফেসর ড. বজলুর রহমান, ইউসিটিসির বিভিন্ন বিভাগের প্রধান প্রফেসর ড. দেওয়ান আসাদুল্লাহ, মো. আবু জাবেদ, ড. মো. আবু জাহিদ, ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল, তাহের হোসেন সেলিম ও মোহাম্মদ ইনজামুল হক।
এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. কায়কোবাদ এবং অধ্যাপক প্রফেসর ড. এম আব্দুস সামাদ।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সূচনা বক্তব্য দেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি উপস্থাপন করেন।
সভায় একাডেমিক কাউন্সিলের ১৫তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং ওই সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদনের সুপারিশ গ্রহণ করা হয়।
এ ছাড়া বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রম, সমাবর্তন অনুষ্ঠান, মানোন্নয়ন পরীক্ষা এবং আসন্ন টিইএইচআই আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।