বিক্রি হবে কোম্পানির সম্পদ

৫৮৬৮ গ্রাহকের বীমা দাবি পরিশোধের উদ্যোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ এএম

দীর্ঘদিন আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধে জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আগামীকাল সোমবার পাঁচটি জীবন বীমা কোম্পানির এসব পলিসিধারীকে তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর আইডিআরএর উদ্যোগে প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর বীমা দাবি পরিশোধ করা হয়। ওই দফায় মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইডিআরএ সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা পরিশোধ করা হবে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের এক হাজার ১৪৫ জন পাবেন ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা।

এ ছাড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জন পলিসিধারীর ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জনের ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জন পলিসিধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হবে।

সব মিলিয়ে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি নিষ্পত্তি হচ্ছে। 

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তি করা হচ্ছে। এর মাধ্যমে বীমা খাতে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া গ্রাহকদের অনাস্থা কাটিয়ে আনার পাশাপাশি পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা।

সর্বশেষ সর্বাধিক পঠিত