দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা- প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘দিল্লির সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চক্রান্ত হচ্ছে কি না, জনগণের সামনে তা স্পষ্ট করা প্রয়োজন। দেশের জনগণ জুলাই হত্যাকা-ের বিচার ও জবাবদিহি চায়। যারা জুলাইয়ের হত্যাকা-ের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা করা যাবে না। এ সর্বনাশা পথ থেকে ফিরে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শনিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘রাসুলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি : শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অনন্য আদর্শ’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মাওলানা আব্দুস সামাদ। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেখক ও গবেষক ড. আবুল কালাম আজাদ (বাশার), মুফতি আলী হাসান ওসামা প্রমুখ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্বের দুঃখী, অনাহারী ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাসুলুল্লাহ (সা.) যে মানবিক ও কল্যাণভিত্তিক নীতি-আদর্শ প্রতিষ্ঠা করেছেন, তা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। মালিক ও শ্রমিক উভয়পক্ষ রাসুলুল্লাহ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করলে শ্রমক্ষেত্রে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

সর্বশেষ সর্বাধিক পঠিত