ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬ জন। চলতি মাসের ১২ দিনে ১৪ হাজার ৪৩০ জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪৬ জনের।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন শিশু। তার বয়স ৬ থেকে ১০ বছরে মধ্যে। অপর জন পুরুষ। বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনায় ১৯৯ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহী ৭৩ জন, রংপুরে ৪৭ ও সিলেটে ৭ জন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে ১৪৩ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।