ময়মনসিংহের ত্রিশালে প্রদর্শিত হলো বিলুপ্তপ্রায় পটগান প্রদর্শনী। ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেত্রীকরণ’ —এর বিষয়বস্তু। ত্রিশাল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল বাসস্ট্যান্ট এলাকায় এই পটগান পরিবেশনা করে খুলনা অঞ্চলের একটি দল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ময়মনসিংহ এমআরএসসি কো-অর্ডিনেটর নাসিম উদ্দিন, ব্র্যাক ত্রিশাল মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার নয়ন মিয়া, ত্রিশাল ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম কমিটির সাধারণ সম্পদক সিরাজুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।
ইতিহাস বলছে, পটগান বা পটুয়া সংগীত হলো বাংলার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকসংগীতের ধারা। এটি মূলত বিভিন্ন ধরনের পটচিত্র অঙ্কন করে এবং চিত্র অঙ্কনের কাহিনিকে ঘিরে সঙ্গীত রচনা করা হয়। আর এভাবে পটগান বানানো হয়। এই সকল গান বাড়ি বাড়ি ঘুরে পট প্রদর্শনের মাধ্যমে হয়ে থাকে।
প্রাচীন বাংলায় ব্যাপক জনপ্রিয় ছিলে এই পটের গান। তবে এক সময়ের জনপ্রিয় লোকগানের এই ধারা এখন অনেকটাই হারিয়ে গেছে। সে সময় লোক সংগীতের এই ধারাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক কর্মযজ্ঞ হত, প্রায় প্রতিটি এলাকায় আলাদা সংগীতের দল, নিয়মিত আসর আর প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। তবে চর্চ্চার অভাবে একই সঙ্গে সেসব দলেরও বেশিরভাগেরই অস্তিত্ব এখন হয়ে গেছে বিলীন।