রাবিতে গাছ বিতরণ করলেন শিক্ষার্থী আরিফ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যত ভোট পাবেন, ততটি গাছ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ আলভী।

নির্বাচনে জয়ী হতে না পারলেও প্রতিশ্রুতি থেকে সরে যাননি তিনি। নিজের উপার্জনের অর্থে প্রথম ধাপে ৭২৫টি গাছ দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন এই শিক্ষার্থী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে ১১ প্রজাতির এসব গাছ বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যে কিছু গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। অধিকাংশ গাছ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা যায়।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের আগে আরিফ আলভী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন, জিতুন বা হারুন, ততগুলো গাছ ক্যাম্পাসে দেবেন। তাঁর এমন পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি বলেন, প্রতিটি ভোটের বিনিময়ে একটি করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি ছিল তাঁর। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে একাধিক গাছ নেওয়ার সুযোগ থাকলেও আমার একটি গাছ ভালো লেগেছে, তাই একটি নিয়েছি।

আরিফ আলভী বলেন, রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি ১ হাজার ৭২৫ ভোট পেয়েছিলাম। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম, জিতি বা হারি, যত ভোট পাব, ততগুলো গাছ দেব।

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রথম ধাপে ১১ প্রজাতির ৭২৫টি গাছ দিয়েছি। এগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার ইচ্ছা রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত