নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে রবিবার রাতে শহরের নিচুকলোনী সাহেবপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওই এলাকার বাসিন্দা কামাল আলীর মেজো ছেলে শাকির রানা (৩০), তার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫) এবং শাকিরের ছোট ভাই সুজন মিয়া (২৫)।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে তাকে বিয়ে করেন তিনি। বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান এবং তার ছবি তুলে নিয়ে আসেন। পরে আসামিরা ওই ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এক তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।