ঢাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের শান্তিপূর্ণ পুনর্বহাল কর্মসূচীতে 'গ্রাহক ফোরাম'-এর ব্যানারে হামলার প্রতিবাদ ও মিথ্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন ব্যাংকের ভুক্তভোগী কর্মীরা।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এই অবরোধ চলে।
জানা গেছে, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন এলাকা থেকে মইজ্জারটেক পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশাপাশি পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী (পিএবি) সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শত শত যানবাহন আটকে পড়ে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সোমবার সকালে ঢাকায় চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের পুনর্বহালের কর্মসূচীতে হামলা চালানো হলে এই অসন্তোষের সূত্রপাত ঘটে।
এদিকে, রাত ৮টার দিকে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তিনি তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ব্যাংককর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, গত এক বছর ধরে চাকরি ফেরত দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো তাদের ওপর হামলা করা হচ্ছে। দ্রুত এর সমাধান না হলে আরও কঠোর ও বৃহৎ কর্মসূচীতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, রাত ৮টার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।