পোশাকশিল্পের নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
একই সঙ্গে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্বন ক্রেডিট ব্যবস্থা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম আরও কার্যকরভাবে ডিজিটালাইজেশনের সুপারিশ করেছে সংগঠনটি। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য দেওয়া প্রস্তাবনায় এসব প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রস্তাবনায় বলা হয়, পোশাকশিল্পের জন্য প্রণীত বৈদেশিক, অর্থনৈতিক ও সমাজকল্যাণ নীতি এবং জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে অর্থ, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেইজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা প্রয়োজন। এ কমিটি পোশাক ও শিল্প খাতের বিভিন্ন নীতি ও কার্যক্রমের মধ্যে সমন্বয়, নীতিগত সিদ্ধান্ত এবং এর বাস্তবায়ন নিশ্চিত করবে।
সংগঠনটির মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে পোশাকশিল্পের নীতিনির্ধারণে সমন্বয় বাড়বে, বিনিয়োগের পরিবেশ উন্নত হবে এবং শিল্পের টেকসই বিকাশের পথ আরও সুগম হবে।