৯৯৯-এর ফোন

বিদেশফেরত যাত্রীর ফেলে যাওয়া পাসপোর্ট ও লাগেজ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশ রুমে যাওয়ার সময় বিদেশফেরত এক যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে ওই বাসে থাকা তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও লাগেজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বীরগঞ্জের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। দশমাইল এলাকায় যাত্রী ওঠানোর জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশ রুমে যান। পরে ফিরে এসে দেখেন, বাসটি তাকে রেখেই চলে গেছে। তবে তার দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ বাসের ভেতরেই ছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে দিনাজপুরের বীরগঞ্জ থানাকে বাসটি শনাক্ত করে ওই যাত্রীর মালামাল উদ্ধারের ব্যবস্থা নিতে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রুহুল আমিন। উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এ ডিসপ্যাচার এসআই আব্দুল মান্নান। পরে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে ওই সৌদিপ্রবাসীর দুটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মোজাম্মেল থানায় উপস্থিত হলে উদ্ধার করা পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত