ডোপ টেস্টে মাদক শনাক্ত এসপি সাময়িক বরখাস্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

ডোপ টেস্টে মাদক শনাক্ত হওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও গতকাল সোমবার বিষয়টি জানা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত। চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে তিনি প্রস্থান করেন। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার মাদক পরীক্ষা করা হয়। এতে প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদক পরীক্ষার এই ফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে ওই বিধিমালার আওতায় ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত