ডা. শফিকুর রহমান বললেন

অতীতে ব্যর্থতার কারণে জাতি কাক্সিক্ষত পর্যায়ে যেতে পারেনি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে অনেক বঞ্চনা ও হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার, দমন-পীড়ন, মানুষের সম্মান, সম্পদ এবং জীবনের ওপর আঘাত অহরহ ঘটেই চলেছে।

গতকাল সোমবার রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। ডা. শফিকুর রহমান বলেন, আজ যাদের হাতে চেক তুলে দিচ্ছি, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। এ শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে একদিন জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যাবে বলে আশা প্রকাশ করেন আমিরে জামায়াত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি এখন থেকে মেধা ও মনন এবং দক্ষতা ও নৈতিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে পার, যদি মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের দ্বারা আগামীর সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি।

সর্বশেষ সর্বাধিক পঠিত