অনলাইন জুয়ার টাকাও পাচার হচ্ছে বিদেশে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার রাতে টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার বাবলু মিয়া, মনির হোসেন, সখীপুরের নূর সাফায়েত ইপ্তি ও শামীম আল মামুন।

গতকাল সোমবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করত। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং সাইটের কার্যক্রমের তথ্য পায় সিআইডি। এসব সাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলা কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া পরিচালনা করা হচ্ছিল। সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপনও প্রচার করা হয়।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে গত ১৭ মে পল্টন থানায় মামলা করে। মামলাটি তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। সিআইডির ভাষ্য অনুযায়ী, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে এদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন নেওয়ার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিনদের সরবরাহের কথা স্বীকার করেছে। মামলাটির তদন্ত করছে সাইবার পুলিশ সেন্টার। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে একই মামলায় টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহীতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত