সৌদি আরবের তিন শহরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

এর আগে সোমবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে ৫৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান।

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম
সৌদি আরব নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সোমবার দেশটির তিনটি শহরে এই হামলা চালানো হয়।
 
বার্তাসংস্থা আনাদোলু এর প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এই তথ্য জানিয়েছে। 

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, সোমবার খামিস মুশাইত, আবহা এবং তাইফ শহরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হামলায় আহতদের আঘাতের মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি। এ ছাড়া, হামলায় সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল-মালকি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেন এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এ ধরনের আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
 
এদিকে, হামলার পর পরই সৌদি আরবের সাধারণ সিভিল ডিফেন্স ডিরেক্টরেট মঙ্গলবার ভোরে জেদ্দা, ইয়ানবু, তাইফ, আবহা, জাজান এবং আল-উলা—এই ছয় শহরে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করে। পরবর্তীতে অবশ্য জানানো হয় যে বিপদ ‘কেটে গেছে’।

কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, আপনাদের সুরক্ষার জন্য সিভিল ডিফেন্সের নির্দেশনাগুলো মেনে চলুন এবং ভিড় করা ও ভিডিও ধারণ করা থেকে বিরত থাকুন। যেকোনো জরুরি অবস্থায় (৯১১) নম্বরে কল করুন।'

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা
এর আগে সোমবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে ৫৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান।

এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে জানিয়ে ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দেন যে, এই হামলার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও বেশ কিছু প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে ২০১৫ সালে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। দীর্ঘ বছর তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত