পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে প্রাণ গেল দেলোয়ারের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

মুন্সীগঞ্জ শহরে ফুপাত ভাইয়ের বাসার পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের দেওভোগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দেলোয়ার তার ফুপাত ভাইয়ের বাসার পানির ট্যাংকি পরিষ্কার করতে ভেতরে নামেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার জানান, দেলোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্বজনরা জানিয়েছেন, দেলোয়ারের মৃগী রোগ ছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত