পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে একটি দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে শাওন ইসলাম অপুর কাছ থেকে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোড়া, একটি খেলনা পিস্তল, অস্ত্রের দুটি ভুয়া লাইসেন্স, পুলিশের একটি ভুয়া আইডিকার্ড এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত মো. শাখাওয়াত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ ও পুলিশের একটি চৌকস দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তার কাছে শাওনদের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কাউখালী থানা পুলিশ শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া কার্তুজগুলোর সঙ্গে কোনো অস্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন এই প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃত শাওন ইসলাম অপুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।