রাজধানীর পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক প্রান্ত পারভেজ বলেন, দুই মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী তার বাসায় এসে তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। সব মিলিয়ে চার রাউন্ড গুলি করার ঘটনা ঘটেছে।
সাংবাদিক প্রান্ত আরও বলেন, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে আশিক গ্রুপ। সম্প্রতি এই গ্রুপের চাঁদাবাজি নিয়ে ৭১ টেলিভিশনে সংবাদ সম্প্রচারের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় আশিক গ্রুপের মূলহোতা হিসেবে আশিকের নাম উল্লেখ করা হয়েছে। আজ পল্লবী থানায় একটি মামলা করার কথা রয়েছে।