দেশ রূপান্তরে খবর প্রকাশ

সন্দ্বীপ নৌ-রুটে ওয়াটার বাস চালুর উদ্যোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

সন্দ্বীপ-সীতাকুন্ড নৌ-রুটে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি, নাব্য সংকট ও ঘাটের নানা সমস্যা নিয়ে দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আবদুল বারী। গতকাল মঙ্গলবার সকালে তিনি ঘাটে গিয়ে যাত্রী ও যানবাহন ওঠানামার পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সন্দ্বীপ চ্যানেলে যাত্রী দুর্ভোগে ওয়াটারবাস চালু করা হবে এবং এই চ্যানেলের উপযোগী ফেরি তৈরি করা হচ্ছে।

গত রবিবার দেশ রূপান্তরে ‘যাতায়াতে সন্দ্বীপবাসীর ভোগান্তির শেষ নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সন্দ্বীপের নৌযাতায়াতে দীর্ঘদিনের দুর্ভোগ, নাব্য সংকট ও ঘাটের নানা সমস্যার পাশাপাশি গত ২৫ বছরে এই নৌরুটে দেড় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের দুই দিন পর বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ঘাট পরিদর্শন করে নৌদুর্ভোগ নিরসনের আশ্বাস দেন। পরিদর্শনকালে যাত্রী ও সংশ্লিষ্টরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ড্রেজিং না হওয়ায় নৌপথে নাব্য সংকট তৈরি হয়েছে। ফলে ফেরি ও জাহাজ চলাচল অনেকাংশে জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। এ ছাড়া পণ্য পরিবহনে বিশৃঙ্খলা, গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া ঘাটে যানবাহন ও যাত্রী ওঠানামায় দুর্ভোগ এবং জরুরি রোগীদের যাতায়াতে নানা সমস্যার কথা জানান তারা। ঘাটের অবকাঠামোগত উন্নয়নে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগও তুলে ধরেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের পাশাপাশি সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার একান্ত সচিব মাস্টার আবুল কাশেম, সন্দ্বীপ যাত্রী আন্দোলনের নেতা ফোরকান উদ্দিন রিজভী, যুবদল নেতা নিঝুম খান এবং সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফয়সাল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের বক্তব্য শোনার পর বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এটিএম আবদুল বারী বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ সরেজমিনে পরিদর্শনের জন্যই আমি ঢাকা থেকে এখানে এসেছি। এই রুটে যে ফেরিগুলো চলছে তা এই চ্যানেলের উপযোগী নয়। আমাদের নতুন ফেরি তৈরি হচ্ছে, কাজ শেষ হলে এখানে দেওয়া হবে। সাধারণ যাত্রীরা যাতে কোনো ভোগান্তির শিকার না হন, সে ব্যবস্থা গ্রহণে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে বুড়িগঙ্গাতে ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে। তেমনি সন্দ্বীপ নৌ-রুটে ৫০ আসনবিশিষ্ট ওয়াটার বাস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে তিনি বাঁশবাড়িয়া ফেরিঘাট চত্বর ঘুরে দেখেন। এরপর ফেরি ‘কপোতাক্ষ’-এ উঠে যাত্রী ও যানবাহন ওঠানামাসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত