সৌদি-হুতি সংঘাত তুঙ্গে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মধ্যে দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার শুরু হয়। ছয় মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধের আঁচ লেগেছে বিশ্বের এক ডজনেরও বেশি দেশে। এর মধ্যেই অঞ্চলটিতে আরেকটি সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত কয়েক বছর পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সম্প্রতি দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। হুতিরা লোহিত সাগর তীরের কৌশলগত বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালির মুখে মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এতে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এ নৌপথের নিরাপত্তা নিয়েও বেড়েছে উদ্বেগ। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মঙ্গলবার বৈঠক হওয়ার কথা ছিল।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরবের তিন শহরে ইরান সমর্থিত হুতিদের হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি বলেন, গত সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দা, মক্কা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সুরক্ষা নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে। হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। লোহিত সাগরের বন্দরশহর মোখার আশপাশের অঞ্চলে এখন পর্যন্ত তিন শতাধিকের বেশি বিমান হামলা হয়েছে। কিন্তু বিমান হামলা সত্ত্বেও হুতিরা লোহিত সাগর উপকূলের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্মকর্তারা।

হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের বৈরিতা নতুন নয়। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। তাদের বিরুদ্ধে ২০১৫ সালে সৌদি নেতৃত্বে সামরিক জোট অভিযান শুরু করে। তবে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের লড়াই অনেকটা কমে এসেছিল। তবে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় সেই যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বাব আল-মান্দেব প্রণালি নিয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি মাসে নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছে ফ্রান্স। তাদের পক্ষ থেকে বৈঠকের অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় এই জলপথটির গুরুত্ব অনেক বেড়েছে। হুতিরা প্রণালিটি দখল দখল করার পর উত্তেজনা আরও বেড়েছে। মূল্যস্ফীতির আশঙ্কায় মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে ছাড়িয়েছে। প্রণালিটি হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ায় বড় ভুক্তভোগী হতে হচ্ছে সৌদি আরবকে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ। কিন্তু ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেন।

বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার : জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, সংঘর্ষে ইয়েমেনে নতুন করে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, সংঘাত তীব্র হওয়ায় অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়েছেন। ওসিএইচএ বলছে, চলতি মাসের শুরু থেকে অন্তত ১৮ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত মানবিক সহায়তা সংস্থাগুলো হাজারো পরিবারকে ত্রাণ দিয়েছে। তবে পর্যাপ্ত অর্থায়ন না থাকায় ত্রাণসামগ্রীর মজুদ এখন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত