ভাতের বিকল্প ওটস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

রেসিপি দিয়েছেন ইলোরা আজমি

হালিম

উপকরণ

ওটস ১ কাপ, সেদ্ধ বুটের ডাল আধা কাপ, সেদ্ধ মুগের ডাল আধা কাপ, সেদ্ধ কালাইয়ের ডাল আধা কাপ, গরুর মাংস ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, হালিম মসলা ২ টেবিল চামচ, বিফ স্টক দেড় কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তেল ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

গ্রানিশের জন্য : আদা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লেবুর টুকরো ২ পিস।

যেভাবে তৈরি করবেন

গরুর মাংস ছোট ছোট টুকরো করে লবণ, আদা, রসুন বাটা, গরম মসলা (এলাচ ২টি, লবঙ্গ ৫টি, দারুচিনি ১ টুকরো) দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ শেষে বিফ স্টক ও মাংস আলাদা করে রেখে দিন। সব ধরনের ডাল ভালো করে সেদ্ধ করে নিন। ব্লেন্ডারে সব ডাল ও গুঁড়া মসলা দিয়ে ব্লেন্ড করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। লালচে হলে আদা-রসুন বাটা দিয়ে দিন। এখন সেদ্ধ করা মাংস দিয়ে কষিয়ে ব্লেন্ড করা সব মসলা দিয়ে কষিয়ে পানি দিন। ওটস ও সামান্য পানি দিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। ঘন হয়ে গেলে বেরেস্তা দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন। গ্রানিশের উপাদান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ইডলি

উপকরণ

ওটস ১ কাপ, টক দই সিকি কাপ, হলুদের গুঁড়ো ১ চিমটি, টালা জিরার গুঁড়া সিকি চা চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, মিহি গাজর কুচি ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ একসঙ্গে মেখে নিন। ইডলি মোল্ডে অল্প তেল গ্রিস করে রাখুন। এরপর মাখানো মিশ্রণ ঢেলে ১০ মিনিট স্টিম করে পরিবেশন করুন।

চিকেন কাটলেট

উপকরণ

মুরগির বুকের মাংস ২ পিস, ওটসের গুঁড়া ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, ডিম ১টি, সয়াবিন তেল সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

মুরগির বুকের মাংস ধুয়ে হ্যামার দিয়ে একটু থেঁতো করে নিন। এবার থেঁতো করা মাংসে সয়াসস, গোল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। মাখানো মাংসের টুকরো কর্নফ্লাওয়ারে গড়িয়ে, ডিমে ডুবিয়ে ওটসের গুঁড়াতে গড়িয়ে রাখুন। ফ্রাইপ্যানের ডুবো তেলে সেলো ফ্রাই করে পরিবেশন করুন।

বল

উপকরণ

আলু সেদ্ধ ১ কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সেদ্ধ কিমা ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, ওটস ১ কাপ, ডিম ১টি, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

আলু সেদ্ধ, সেদ্ধ কিমা, ধনেপাতা কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি একসঙ্গে মাখিয়ে গোল গোল বল বানিয়ে নিন। এবার বানানো বল ডিমের গোলায় ডুবিয়ে ওটসে গড়িয়ে নিন। কড়াইয়ের ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত