জামালপুরের মাদারগঞ্জে নিজ ঘরে সজিব (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। সজিব মিয়া মাদারগঞ্জ পৌর শহরের বাণিকুঞ্জে নজরুল ইসলাম ভুট্টোর বড় ছেলে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বাণিকুঞ্জ নিজ বাড়ীতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সজিবের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। সজিবের রুমের জানালা খোলা থাকায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
পরিবার জানায়, গত ৩/৪ বছর আগে সজিবের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় তার মামা মারা যায়। ঐ সময় থেকে সে মানসিক ভারসাম্যহীন ছিল। সজিব নিজ বাড়ীতে একটি রুমে একাই থাকতো ।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্নেহাশিষ রায় যুবকের মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন ফোর্স পাঠিয়ে দিয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।