বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আমেনা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং খামখেয়ালিপনার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের বরর্তা গ্রামের মহিন্দ্রাচালক মিলন তালুকদারের শিশু কন্যা আমেনা ফুড পয়জনিং নিয়ে ৯ অক্টোবর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নিতে চেয়েছিলেন। তবে হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে ছাড়পত্র না দিয়ে হাসপাতালে রেখেই চিকিৎসা চালিয়ে যান বলে পরিবারের অভিযোগ।
স্বজনদের দাবি, রবিবার রাতে আমেনার শারীরিক অবস্থার অবনতি হলেও কর্মরত নার্সরা যথাযথ পদক্ষেপ নেননি। পরে রাতের শেষ দিকে শিশুটির মৃত্যু হয়।
আমেনার বাবা মিলন তালুকদার অভিযোগ করে বলেন, হাসপাতালের চিকিৎসকেরা তার মেয়েকে যথাযথ চিকিৎসা দেননি। নার্সরা রোগীর সেবা তো দূরের কথা, শিশুটির স্বজনদের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। চিকিৎসকদের খামখেয়ালিপনা ও যথাযথ চিকিৎসার অভাবে তার সাত মাসের শিশুকন্যার অকালমৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, ‘জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই। নার্সদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সকালে সবাইকে ডেকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি।’