স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে সাবেক ডাচ কোচ কোম্যানের আবেগঘন বার্তা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

মাঠের ডাগআউটে যিনি সবসময় প্রতিপক্ষকে কৌশলগত লড়াইয়ে হারিয়ে দিতে ব্যস্ত থাকতেন, তিনিই যেন জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর পাশে থাকতে কোচের চাকরি ছেড়ে দেওয়া ডাচ ফুটবলের মহাতারকা রোনাল্ড কোম্যানের জীবনে নেমে এসেছে গভীর শোক। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে কঠিন এক লড়াইয়ের পর মারা গেছেন তার ৪১ বছরের জীবনসঙ্গী বার্টিনা কোম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কালো-সাদা ছবি শেয়ার করে শোক প্রকাশ করে কোম্যান লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে, তবে দারুণ গর্ব ও ভালোবাসার সাথে আমরা বিদায় জানাচ্ছি আমার অসাধারণ স্ত্রী, আমাদের সবচেয়ে প্রিয় মা এবং দাদিকে।’

ফুটবলকে নিজের জীবন মনে করলেও স্ত্রীর অসুস্থতার কাছে হার মেনেছিলেন এই ডাচ কোচ। চলতি বছরের জুনে ডাচ দলের কোচিং ছাড়ার ঘোষণা দিয়ে কোম্যান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খোলাসা করেছিলেন জীবনের অন্য এক রূপ।

ব্যক্তিগত জীবনের সেই কষ্টের কথা জানিয়ে কোম্যান গত ৩০ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘বিগত বছরগুলো আমাকে আবার উপলব্ধি করিয়েছে যে ফুটবলের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। ফুটবল আমার জীবন ছিল, কিন্তু স্বাস্থ্য অমূল্য। যখন আপনার ভালোবাসার মানুষটি কঠিন লড়াইয়ে থাকে, তখন দৃষ্টিভঙ্গি বদলে যায়।’ 

বার্তায় স্ত্রীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও যোগ করে বলেছিলেন, ‘আমার স্ত্রী বার্টিনা তার নিজের অসুস্থতার প্রক্রিয়া সত্ত্বেও জাতীয় দলের কোচ হিসেবে আমার কাজ শেষ করতে প্রতিদিন আমাকে সমর্থন ও উৎসাহিত করেছেন। এটি অবিশ্বাস্য শক্তির একটি প্রমাণ।’ সেই শক্তির অন্যতম উৎসটাই এবার যেন হারিয়ে ফেললেন। 

চলতি বছরের বিশ্বকাপের সময় কোম্যান আশা প্রকাশ করেছিলেন যে, তার দল ফাইনালে পৌঁছালে বার্টিনা চিকিৎসার একটি সেশন বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। তবে নকআউট পর্ব থেকে দল ছিটকে পড়ার পর কোম্যান সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলেন স্ত্রীর চিকিৎসায়।

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্ব ফুটবলে কোম্যানের অর্জন ও অবদান আকাশচুম্বী। তিনি তার প্রজন্মের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৮ সালে নেদারল্যান্ডসের ঐতিহাসিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলেও পিএসভি আইন্দহোভেন এবং বার্সেলোনার হয়ে ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়নস লিগ) জয়ের গৌরব অর্জন করেন এই ডাচ তারকা। বিশেষ করে ১৯৯২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে বার্সেলোনাকে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বানানোর পথে ফাইনালে জয়সূচক গোলটি করেছিলেন তিনিই।

কোচিং ক্যারিয়ারেও কোম্যান সমান সফল। নেদারল্যান্ডস জাতীয় দলকে দুই দফায় কোচিং করানোর পাশাপাশি ২০২০-২১ মৌসুমে তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনারও কোচ ছিলেন। এর আগে নেদারল্যান্ডস, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেনের বিভিন্ন নামী ক্লাবেও কোচিং করিয়েছেন তিনি।

এদিকে বার্টিনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ‘এফসি বার্সেলোনা এবং এর সমর্থকরা রোনাল্ড কোম্যান ও তার পরিবারের প্রতি তাদের গভীরতম সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছে বার্টিনা কোম্যানের প্রয়াণে। তিনি শান্তিতে থাকুন।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত