স্ত্রীসহ সাবেক এসএসএফ ডিজি মজিবুরের বিরুদ্ধে দুই মামলা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

প্রায় ১০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মজিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলা শুধু মজিবুর রহমানের বিরুদ্ধে। অন্য মামলায় তাকে ও তার স্ত্রী তাসরীন মুজিবকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় দুদকের অভিযোগে বলা হয়, সাবেক এসএসএফ ডিজি মজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালিত হয়।

অনুসন্ধানকালে প্রতীয়মান হয় যে, এই কর্মকর্তা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবকে দ্বিতীয় অনুমোদিত মামলার আসামি করা হয়েছে। দুদকের অভিযোগে জানানো হয়, তাসরীন মুজিব স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন।

এ মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত