শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে ১৮ ফুট অজগর উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে ১৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ৫নম্বর কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার কদর আলীর বাড়ির আঙিনা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লামুয়া গ্রামে ইউপি মেম্বার কদর আলীর বাড়ির আঙিনায় একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে  ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। এ সময় চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ১৮ ফুট লম্বা অজগর সাপটি সুস্থ অবস্থায় আমাদের কাছে হস্তান্তর করেছে। এটিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত