৫% কোটা পুনর্বহাল ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষা সংকট নিরসনে ছাত্র সমাবেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহালসহ পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বর্গা শিক্ষক প্রথা বন্ধ ও শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রতিরোধের দাবিতে রাজধানীতে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির। 

হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সভাপতি চন্দ্রিকা চাকমার সভাপতিত্বে ও পিসিপির সাধারণ সম্পাদক হ্লামংচিং মারমার সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। পিসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নেবাই অং খুমী এতে স্বাগত বক্তব্য দেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অনিক কুমার দাশ বলেন, শিক্ষাব্যবস্থা বাণিজ্যিক পণ্যে পরিণত হওয়ায় নিম্নবিত্ত ও আদিবাসী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। পিসিপি ঢাকা পলিটেকনিক শাখার ক্যারি চাকমা ও পিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা ৬২-এর শিক্ষা আন্দোলন ও পার্বত্য চুক্তির কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষা প্রদান, ৫% কোটা কার্যকর এবং অগণতান্ত্রিক জেলা পরিষদগুলোর হস্তক্ষেপরোধে নির্বাচন আয়োজনের দাবি জানান।

গারো স্টুডেন্টস ইউনিয়নের স্বগত ম্রং, আদিবাসী যুব ফোরামের তুম্পা হাজং ও লেখক সৃজন মৃ সংহতি বক্তব্যে শিক্ষা ও চাকরিতে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সভাপতির বক্তব্যের পর একটি বিক্ষোভ মিছিলে সমাবেশ শেষ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত