কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। এ সময় ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা এবং বাদুরতলা ডাক্তারপাড়া এলাকার নোমান নামের এক ব্যক্তির ভবনে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবন মালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কঠোর সতর্কবার্তা দেন।
কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, ডেঙ্গু মশার উপদ্রবের হটস্পট শনাক্ত ও এডিসের প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে।