আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রবেশ ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বিবিসিকে ফিলিস্তিনের দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তারা ফিলিস্তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াচ্ছে। যদিও আব্বাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভিসা জটিলতায় আব্বাসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ এ ভিসা নিষেধাজ্ঞাকে ‘একটি অযৌক্তিক পদক্ষেপ’ উল্লেখ করে বলেছে, এটি পারস্পরিক আস্থা পুনর্গঠন, ফিলিস্তিন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন ও শান্তি-স্থিতিশীলতা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরির প্রচেষ্টার পরিপন্থী।
গত বছরের আগস্টে প্রথম এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যখন নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক বৈঠকে অংশগ্রহণের জন্য ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ভিডিওতে বক্তব্য দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-এর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা’ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ‘আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার’ চেষ্টা করার অভিযোগ আনে।
জাতিসংঘ সদরদপ্তর চুক্তি অনুযায়ী, নিউ ইয়র্কে জাতিসংঘে যোগদানের জন্য বিদেশি কূটনীতিকদের প্রবেশের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে ওয়াশিংটন বলেছে, নিরাপত্তা, চরমপন্থা এবং পররাষ্ট্রনীতিগত কারণ দেখিয়ে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারে।