শুরুতেই কোরিয়ার কঠিন পরীক্ষায় ফেল বাংলাদেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম

এশিয়ান গেমসের পুরুষ হকিতে জয় দিয়ে শুরু করতে পারল না বাংলাদেশ। পুল ‘এ’-এর প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে জিমি-রোমানরা। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে প্রথম ২০ মিনিট প্রতিরোধ গড়লেও পরের সময়টায় কোরিয়ার আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের শুরুতে নিজেদের রক্ষণ জমাট রেখে কোরিয়ার আক্রমণ সামলেছে বাংলাদেশ। প্রথম ২০ মিনিটে কোনো গোল হজম না করলেও দ্বিতীয় কোয়ার্টারে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে তারা।

২১ মিনিটে ফিল্ড গোলে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন বে সং মিন। এর কয়েক সেকেন্ড পরই ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। ফলে ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে কোরিয়ার চাপ আরও বাড়ে। ৩০ মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।

শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। কোরিয়ার রক্ষণ ভেদ করতে ব্যর্থ হওয়ার পর ৫৮ মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে আরও একবার জাল কাঁপে বাংলাদেশের।

শেষ পর্যন্ত ৫-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। কোরিয়ার পাঁচ গোলের চারটি এসেছে ফিল্ড গোল থেকে, অন্যটি পেনাল্টি কর্নার থেকে।

এশিয়ান গেমসে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে।

সর্বশেষ সর্বাধিক পঠিত