গয়না লুট মামলা

১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

ফ্রান্সের প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হওয়ার ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৬০ টাকা। তবে কার্দাশিয়ান নিজেই ক্ষতিপূরণ হিসেবে এই পরিমাণ অর্থ দাবি করেছিলেন বলে জানিয়েছেন মামলার সংশ্লিষ্ট আইনজীবী।

সম্প্রতি দেওয়া আদালতের রায়ে ডাকাতির ঘটনায় কার্দাশিয়ান ও আরও কয়েকজনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। কার্দাশিয়ানের পাশাপাশি তার স্টাইলিস্ট হারুশকেও ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডাকাতির সময় তিনি হোটেল কক্ষে উপস্থিত ছিলেন। খবর দ্য গার্ডিয়ান/সিএনএন

রায়ের পর কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট সিমোন হারুশ যৌথ বিবৃতিতে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, ওই অভিজ্ঞতা ছিল গভীরভাবে বেদনাদায়ক এবং এর প্রভাব এখনও তাদের ওপর রয়েছে।

তাদের ভাষ্য, আদালতের এই সিদ্ধান্ত ক্ষতিপূরণের অর্থের চেয়ে জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির সঙ্গে বেশি সম্পর্কিত।

রায়ের পর কার্দাশিয়ান বলেছিলেন, ফরাসি কর্তৃপক্ষের ন্যায়বিচার নিশ্চিতের প্রচেষ্টার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ঘটনাটি তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা ছিল এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব তার ও তার পরিবারের ওপর পড়েছে।

২০১৬ সালের ৩ অক্টোবর ভোররাতে প্যারিসের একটি হোটেল কক্ষে ঢুকে ডাকাতরা কার্দাশিয়ানকে জিম্মি করে তার গয়না লুট করে। এর মধ্যে ছিল তার প্রাক্তন স্বামী কানিয়ে ওয়েস্টের দেওয়া ৪০ লাখ ডলার মূল্যের বাগদানের আংটি। লুট হওয়া গয়নার অধিকাংশই পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বছর আটজনকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত