ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, অভিযানের সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়।
পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বালু উত্তোলনকারীদের মোট এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ড্রেজার ও বাল্কহেড বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা ঝুঁকির মধ্যে পড়ছে। এসব ক্ষতি থেকে নদী তীরবর্তী জনগণ ও তাদের সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।