ভোলায় দুর্ঘটনায় নিহত ১

কয়েক মাসের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকার্ত পরিবার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিব নামের এক কিশোর নিহত হয়েছেন। এঘটনার মাত্র কয়েক মাসের আগে সজিবের ভাইয়ের মৃত্যু হওয়ায় শোকে কাতর হয়ে পড়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলা-ইলিশা সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত মোহাম্মদ সজিব (১৭) সদর উপজেলার গুপ্তমুন্সী গ্রামের মো. ফারুক হোসেনের ছোট ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিকার সন্ধ্যার পর বন্ধুর মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুকে সঙ্গে করে পরানগঞ্জ বাজার থেকে ভোলা শহরের দিকে যাচ্ছিলেন সজিব। মোটরসাইকেলটি বুড়ির মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজিব, তার এক বন্ধু ও অটোরিকশাচালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক সজিব ও অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সজিবকে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে ফারুক হোসেনের আরেক ছেলে সাপের কামড়ে মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় ছোট ছেলে সজিবের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে আরেক দফা শোকের ছায়া।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত