সাজেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেকের উদ্দেশে রওনা হয়।

সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি থমথমে হয়ে উঠলে খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করে।

আটক পর্যটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) ও পটুয়াখালীর সাইফুল ইসলাম (২৭)।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটক পর্যটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

পর্যটনের মতো একটি শান্ত পরিবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত