ভোলায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

ভোলার লালমোহনে ৩৯৩টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল, ভোলা ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঙ্গাসিয়া এলাকার গজারিয়া-খালঘোঁড়া লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বোরহানউদ্দিন উপজেলার দেউলা বড়পাতা ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন খাঁর ছেলে রফিক খাঁ (৪০) এবং একই এলাকার আব্দুল মুন্নাফ ঢালীর ছেলে মো. ইব্রাহিম (৪২)।

অভিযানকারী দলের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তারা লালমোহনের পাঙ্গাসিয়া এলাকায় অবস্থান নেন। খবর ছিল, ঢাকা সদরঘাট থেকে একটি লঞ্চে করে দুই ব্যক্তি লালমোহনের খালঘোঁড়া লঞ্চঘাটে নেমে বেড়িবাঁধ দিয়ে ইয়াবা নিয়ে আসছেন। পরে ভোর পৌনে ৬টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ওই এলাকায় দেখা যায়। তাঁরা অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রফিক খাঁর কাঁধে ঝোলানো একটি ব্যাগে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো দুটি জিপার পাওয়া যায়। সেগুলো থেকে ১৯৫ ও ১৯৮টি করে মোট ৩৯৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩৯ দশমিক ৩ গ্রাম। এর আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে অভিযানকারী দল।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৪, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। পরে উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার দুই ব্যক্তিকে লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত