আগামী উৎসব

শিশুদের পুঁথি পাঠ আর গান-নাচের অনন্য আয়োজন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আগামী ফেস্ট ২০২৬’।  শনিবার ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি সেন্টার)-এ আয়োজিত এ উৎসবে শিশুদের অংশগ্রহণে ছিল পুঁথি পাঠ, নাচ, গান, চিত্র প্রদর্শনী, বিজ্ঞান ও গণিত মেলা এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘সব শিশুদের জন্য শিক্ষা’।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত উৎসবে আগামী বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞান ও গণিত মেলায় শিক্ষার্থীরা ১৪টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞরা প্রকল্প ও শিল্পকর্ম মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উৎসবে শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানা। তারা শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গান পরিবেশন করেন।

অদিতি মহসিন বলেন, ‘শিশুদের সৃজনশীলতার বিকাশের জন্য এই আয়োজনে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আগামী শিশুদের নিয়ে যে কাজটি করে যাচ্ছে, এটি আসলে আমাদের সবার দায়িত্বটিই তারা পালন করছেন।’

রেবেকা সুলতানা বলেন, ‘শিশুরা কত রকম প্রতিবন্ধকতার মধ্যে থেকেও নিজেকে বিকশিত করার জন্য চেষ্টা করছে, তা দেখে আমি অভিভূত।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক নেহরীন মাজেদ এবং আগামী ইনকর্পোরেটেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আমিনুল ইসলাম। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব রসায়ন ও আনবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ। আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. বজলুর রশীদ খান (চিত্রশিল্পী রশীদ আমিন), স্থপতি ও শিশুতোষ ম্যাগাজিন ‘টইটম্বুর’-এর সহপ্রতিষ্ঠাতা হাসনাইন সাবিহ নায়েকসহ অনেকে।

অধ্যাপক জেবা ইসলাম সিরাজ বলেন, ‘আমাদের অনেক শিশু আছে, যারা সমাজের সুবিধা থেকে বঞ্চিত। তাদের কেউ কেউ খুবই মেধাবী। তাদের মেধার বিকাশের জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে।’

উৎসবে ‘আগামী’ ম্যাগাজিনের প্রকাশনা উদ্বোধন করেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট নাফিসা খানম। এতে সংস্থাটির পথচলা, কার্যক্রম, অর্জন এবং শিশু ও বিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিষ্ঠানের কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আয়োজকেরা জানান, ‘আগামী’ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে কাজ করছে। ‘আগামী ফেস্ট’-এর মাধ্যমে শিশুদের শুধু দর্শক হিসেবে নয়, উৎসবের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত