নওগাঁর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুজ্জামান (৩৭) নামে সড়ক ও জনপথ (সওজ) নওগাঁর এক উপসহকারী প্রকৌশলী মৃত্যুবরণ করেছেন। মো. রাশেদুজ্জামান পত্নীতলা সড়ক উপবিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার কবলে পড়েছেন তার স্ত্রী ও ৬ বছরের মেয়ে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের হাঁপানিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে নিহত মো. রাশেদুজ্জামান তার পরিবার নিয়ে মহাদেবপুর উপজেলায় ভাড়া বাসায় ফিরছিলেন। পথে হাঁপানিয়া পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিক্সার মেশিনের পেছনে সিএনজিটি ধাক্কা দেয়। এতে সিএনজিটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মো. রাশেদুজ্জামান নিহত হন। তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ায় রেফার্ড করা হয়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহত প্রকৌশলী মো. রাশেদুজ্জামান শনিবার তার স্ত্রী ও ৬ বছরের মেয়েকে নিয়ে নওগাঁ শহরে আসেন। রাতে সিএনজিতে তার ভাড়া বাসা মহাদেবপুরে ফিরছিলেন। যাওয়ার পথে পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনার শিকার হন। নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ সময় দুর্ঘটনার শিকার তার স্ত্রী কিছুটা শঙ্কামুক্ত হলেও তার ৬ বছরের মেয়ে আশঙ্কামুক্ত নয়। তাদের বগুড়ায় চিকিৎসা চলছে।
ওসি মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।