ফুসফুসের সুস্থতার জন্য করণীয়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

ডা. নাসির উদ্দিন আহমদ

ব্রিগেডিয়ার জেনারেল , ঢাকা সিএমএস

মেডিসিন স্পেশালিস্ট ও এইচওডি, এন্ডোক্রাইনোলজি বিভাগ, সিএমএইচ, ঢাকা।

আমরা বাতাসের মধ্যে ডুবে আছি। প্রতিদিন প্রায় ২৩ হাজার বার শ্বাস গ্রহণের সঙ্গে টেনে নিচ্ছি প্রাণদায়ী অক্সিজেন। কাজটি করছে ফুসফুস। বাতাসের মুক্ত অক্সিজেন গ্রহণ করতে না পারলে মিনিটের মধ্যেই মৃত্যু ছিল অবধারিত। মানব দেহের দুই ফুসফুস প্রতিনিয়ত দমে দমে টেনে নিচ্ছে অক্সিজেন আর মিশিয়ে দিচ্ছে রক্তে।  দেহের মধ্যে তৈরি হওয়া কার্বন-ডাই-অক্সাইড রক্তবাহিত হয়ে চলে আসছে ফুসফুসে। আর ফুসফুস বের করে দিচ্ছে এই বর্জ্য গ্যাস। এভাবেই চলছে জীবন।

২৫ সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস। ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে প্রতি বছর পালিত হয় দিবসটি। ফুসফুসকে সুস্থ রাখার জন্য করণীয় কয়েকটি বিষয় জানা থাকা দরকার।

ধূমপান পরিহার : প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সব ধরনের ধূমপান ফুসফুসের ভয়ানক বিপদ ডেকে আনে। ধূমপানের ফলে ফুসফুসের বায়ুনালিগুলো সংকুচিত হয় খানিক সময়ের জন্য। ফলে বায়ু চলাচল বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিন ধূমপানের ফলে এসব ক্ষুদ্র বায়ুনালিতে প্রদাহ সৃষ্টি হয়।

কালক্রমে তা রূপ নেয় ব্রংকাইটিস, এমফাইসিমা এবং ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারি ডিজিজে। ধূমপানের ফলে হতে পারে মারাত্মক সব ক্যানসার। যার মধ্যে ফুসফুসের ক্যানসার অন্যতম। ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের ইনফেকশনের হার বেড়ে যায়, ক্রনিক রোগের ঝুঁকি বৃদ্ধি পায় অনেকাংশে।

নিয়মিত শরীরচর্চা : নিয়মিত শরীরচর্চার ফলে ফুসফুস ও হৃৎপি- শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পরিবহন সহজতর করে দেয়। অক্সিজেন রক্তের মধ্যে সরবরাহ করতে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত পানীয় : বাতাস চলাচলের পথজুড়ে রয়েছে মিউকাস স্তর। পানিশূন্যতায় এগুলো হয়ে পড়ে আঠালো। এতে শ্বাস-প্রশ্বাস নিতে বেগ পেতে হয়। পর্যাপ্ত পানি পান করার কারণে মিউকাস থাকে সজীব। এখানে আটকে থাকতে পারে না অ্যালার্জির উপাদান।

নিয়মিত টিকা : ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, কোভিড-১৯, রেস্পিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের টিকা রয়েছে। নিয়মিত টিকা প্রদানের মাধ্যমে এসব রোগের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বিশেষত যাদের ফুসফুসের ব্যাধি বছরব্যাপী বিদ্যমান, তাদের এই সমস্ত টিকা নিতে হবে নিয়মিত।

নিয়মিত চেকআপ : বছরে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে ফুসফুসের অবস্থা জেনে নিন। প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা গেলে অনেক মারাত্মক জটিলতা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

দূষিত বায়ু থেকে নিজেকে মুক্ত রাখুন : আমাদের ঢাকা মহানগরী বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয়। এই বাতাস আমাদের প্রাণ; এই বাতাসেই রয়েছে আমাদের প্রাণসংহারী উপাদান। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। বায়ুদূষণ প্রতিরোধে সোচ্চার হোন।

ঘরের পরিবেশ দূষণমুক্ত রাখুন : ধুলাবালি, ধূমপানের উপাদান, পোষা প্রাণীর লোম, পাখা, ত্বকের খুশকি, বিভিন্ন রাসায়নিক উপাদান, গ্যাস ঘরের বাতাসের সঙ্গে মিশে থাকে। ফুসফুসে প্রবিষ্ট বাতাসের সঙ্গে ক্ষুদ্র উপাদানগুলো মিশে যেতে পারে রক্তে। এগুলো শুধু ফুসফুসেরই ক্ষতি করে না, ক্ষতি ডেকে আনে পুরো শরীরে।

গভীর শ্বাস : ফুসফুসের সুস্থতার জন্য দম নিয়ে গভীর শ্বাস নিন বার কয়েক। এটি শুধু ফুসফুসের সজীবতা রাখতে সাহায্য করবে তা নয়; স্ট্রেস কমাতেও সাহায্য করবে। শিখে নিন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।

নিয়মিত হাত ধৌত করুন :  ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করলে আমরা রক্ষা পেতে পারি অনেক জীবাণুর হাত থেকে। হাতের মাধ্যমে অনেক জীবাণু প্রবেশ করে নাকে। সেখান থেকে ফুসফুসে।

ফুসফুসের ক্যানসার স্ক্রিন করুন :  দীর্ঘদিনের কাশি, কফের সঙ্গে রক্ত কিংবা ধূমপানের মতো ঝুঁকি রয়েছে তাদের ফুসফুসের ক্যানসার আছে কি না জেনে নেওয়া জরুরি।

সর্বশেষ সর্বাধিক পঠিত