সদর উপজেলায় একটি ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা ও দেড় বছরের মেয়ে অ্যালিজা। একরাম মোল্লা ওই গ্রামের নুর হক ডাক্তারের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ত্রী ও মেয়েকে হত্যার পর একরাম মোল্লা ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, একরাম মোল্লা প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পারিবারিক কোনো বিরোধ ছিল কিনা, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।