ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

কিছুদিন আগে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

রাজধানীর সংসদ সদস্যদের সরকারি বাস ভবনের (ন্যাম) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।’

‘পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে। তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি’, বলেন তিনি।

কিছুদিন আগে ফেসবুকে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই তরুণী মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন এমপি নজরুল। বিষয়টি নিয়ে নানান আলোচনা-সমালোচনা হলে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত